ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা বা এনআরসি প্রকাশিত হয়েছে। তালিকায় ১৯ লাখের বেশি আবেদনকারীর নাম বাদ পড়েছে, এবং চূড়ান্ত তালিকায় ঠাঁই হওয়া ৩ কোটি ১১ লাখের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
নাগরিকত্ব হারানোর আতঙ্কে আছেন মুসলসমানসহ আসামের লাখ বাসিন্দা। এনআরসি প্রকাশকে সামনে রেখে রাজ্যে ১০ হাজার আধাসামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানী গুয়াহাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
৪ বছর যাচাই-বাছাইয়ের পর আজ ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স-এনআরসি বা নাগরিকদের তালিকা প্রকাশ করেছে। আসামে ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার বসবাস।
যাদের নাম বাদ পড়বে তারা এখনই বিদেশি গণ্য হবেন না বলে জানিয়েছে রাজ্যের গৃহ মন্ত্রণালয়। বাদ পড়া লোকজন আপিলের জন্য ৬০ থেকে ১২০ দিন সময় পাবেন। আপিল আবেদনের শুনানির জন্য রাজ্যে কমপক্ষে ১ হাজার ট্রাইবুনাল গঠন করা হবে। এরই মধ্যে ১শ’ ট্রাইবুনাল গঠন করা হয়েছে। ট্রাইবুনালে হেরে গেলে যে কেউ উচ্চ আদালতে যেতে পারবেন।








