ভারতের আসামে দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিকত্ব নিবন্ধন তালিকা প্রকাশ করা হবে সোমবার । স্থানীয় সময় দুপুর বারোটা থেকে চূড়ান্ত এ নাগরিক তালিকা প্রকাশকে ঘিরে আসামে বিরাজ করছে থমথমে অবস্থা। অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য।
নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশ সীমান্তে। আসামের পাশাপাশি মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর এবং পশ্চিমবঙ্গ সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে।
প্রথম ধাপে ১ কোটি ৯০ লাখ অধিবাসীকে তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ার সেখান থেকে দেড় লাখ অধিবাসীকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রথম ধাপে তালিকায় স্থান না পাওয়া ১ কোটি ৩৯ লাখ অধিবাসীর ভাগ্যও নির্ধারিত হতে যাচ্ছে চূড়ান্ত এ তালিকা প্রণয়নের মধ্য দিয়ে। ২২ লাখ পৃষ্ঠার এই নাগরিক তালিকাকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে।
প্রথম ধাপে প্রণীত তালিকার অভিজ্ঞতায় নাম বাদ পড়ার শঙ্কায় রয়েছেন বিপুল সংখ্যক বাংলাভাষী মুসলিম অধিবাসী।







