‘অস্ট্রেলিয়ান ডিরেক্টরস গিল্ড’-এডিজির সদস্য হলেন ‘কিস্তিমাত’ খ্যাত বাংলাদেশের তরুণ নির্মাতা আশিকুর রহমান। ৩ জানুয়ারি এক মেইলের মাধ্যমে আশিকুর রহমানকে এমন সুসংবাদটি দেয় এডিজি। এমনটিই জানিয়েছেন এই নির্মাতা। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে কোনো বাংলাদেশী এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
এডিজির সদস্য হওয়ার ফলে এখন থেকে অস্ট্রেলিয়ায় ছবি নির্মাণের ক্ষেত্রে গিল্ডের পক্ষ থেকে সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন আশিকুর। এমন খবরে আশিকুর জানান, আড়াই বছর আগে আমি অস্ট্রেলিয়া যাই লেখাপড়া করার জন্য। ‘ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনী’ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করি। তারপর যাওয়া আসার মধ্যে থাকি। আবদেন করার পর গেল বছরেই সেখানকার নাগরিকত্ব পেয়ে যাই। আবেদন করি এডিজির সদস্য হওয়ার জন্য। সব কাগজপত্র এবং আমার করা আগের কাজগুলো দেখে তারা সন্তুষ্ট হন। তারপর সিদ্ধান্ত নেন আমাকে তাদের সদস্য করার। এটা আমার জন্য অনেক বড় অর্জন। চেষ্টা করবো সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগাতে।
কিস্তিমাত, গ্যাংস্টার, এবং সর্বশেষ ‘মুসাফির’ নির্মাণ করে ঢাকাই মেইনস্ট্রিম চলচ্চিত্রে নতুন ধারার সিনেমার জন্ম দেন তরুণ নির্মাতা আশিকুর রহমান। বিশেষ করে অ্যাকশন ঘরানার সিনেমায় তিনি এরই মধ্যে দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এই মুহূর্তে তার হাতে রয়েছে ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটি। নানা কারণে এই ছবির শুটিং অর্ধ সমাপ্ত হলেও এরইমধ্যে শাকিবকে নিয়ে ‘সুপার হিরো’ নামের একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন।







