ফুটবল

‘আর্জেন্টিনা সবসময়ই বিশ্বকাপের ফেভারিট’

‘আর্জেন্টিনা সবসময়ই বিশ্বকাপের ফেভারিট’

কিছুদিন আগে বলেছিলেন রাশিয়া বিশ্বকাপে ফেভারিট নয় আর্জেন্টিনা। কয়দিন পরেই অবশ্য নিজের বলা কথাই পরিবর্তন করেছেন আলবিসিলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। বলছেন, বিশ্বকাপের অন্যতম দাবিদার তার দল।

বেশ খুঁড়িয়ে খুঁড়িয়েই রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে এসেছে আর্জেন্টিনা। তারকার ছড়াছড়ি থাকলেও দলে সবচেয়ে বড় অভাব সমন্বয়হীনতার। যে কারণে ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচ জিতে কোনো রকমে বাছাইপর্বের বৈতরণী পার হয়েছে গত বিশ্বকাপের রানার্সআপরা।

এরপরও আর্জেন্টিনাকে বিশ্বকাপের অন্যতম দাবীদার বলে মনে করেন দলটির অধিনায়ক মেসি। পেপার ম্যাগাজিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, সব প্রতিকূলতা কাটিয়ে তার দলই শিরোপা জিতবে বলে আশাবাদী তিনি।

‘মাঠের খেলা যখন শুরু হয়, তখন সব দলই এক। আমাদের দারুণকিছু খেলোয়াড় আছে। আর্জেন্টিনা সবসময়ই বিশ্বকাপের ফেভারিট। কীভাবে আমরা এখানে এলাম সেটা গুরুত্বপূর্ণ না।’

তবে বিশ্বকাপে ভালো করতে অগোছালো দলকে আরও গুছিয়ে নেয়া জরুরি বলেও মনে করছেন মেসি, ‘আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ বাছাইপর্বে আমাদের শেষ পর্যন্ত খেলতে হয়েছে। সেসময় আমরা ঠিক মতো প্রস্তুতি নিতে পারিনি।’

‘আমরা সবসময় জেতার জন্য খেলি। হয়তো আমরা একটু ধীরতালে এগোবো কিন্তু জেতার জন্যই খেলবো।’ যোগ করেন মেসি।

বিষয়:রাশিয়া বিশ্বকাপ ২০১৮ লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…