আইসল্যান্ডের বিপক্ষে ১–১ গোলে ড্রয়ের পর ব্যাপক হতাশ আর্জেন্টিনা সমর্থকরা। বিশেষ করে লিওনেল মেসির পেনাল্টি মিসে জয় হাতছাড়া হওয়ায়। কিন্তু ড্র বা মেসির এক মিসেই আশাহত হচ্ছেন না বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও আর্জেন্টিনার পাঁড় সমর্থক মাশরাফী বিন মোর্ত্তজা।
হতাশ না হলেও আর্জেন্টিনাকে নিয়ে বড় আশাও করছেন না ম্যাশ। শনিবারের ম্যাচের পর নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন মাশরাফী। লিখেছেন, ‘জানি এদের কোনো একটা জুজু আছে। বড় আসরে তাই আশা করিও কম, কষ্টও কম। কিন্তু আমি কোনো ফাট্টু সাপোর্টার না যে আশা ছেড়ে দেব। আশায় আছি লিও।’
মাশরাফী আর্জেন্টিনাকে সমর্থন করেন ছিয়াশি বিশ্বকাপের নায়ক ডিয়েগো ম্যারাডোনার কারণে। শনিবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটা মাঠে বসেই দেখেছেন আর্জেন্টিনা কিংবদন্তি। মেসির পেনাল্টি হাতছাড়া কিংবা ম্যাচটা ড্র হওয়ায় তিনি ভীষণ হতাশ। টিভি ক্যামেরার ক্লোজআপে ম্যারাডোনার সেই হতাশামাখা মুখটা দেখেছেন মাশরাফীও। ম্যারাডোনার এই উপস্থিতি বেশ প্রশান্তি দিয়েছে তাকে, ‘আমি কোনো হুজুগে না। আজ (শনিবার) ম্যারাডোনাকে দেখাই ছিল চোখের প্রশান্তি।’
২১ জুন দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে মেসিদের প্রতিপক্ষ নাইজেরিয়া।








