বল টেম্পারিংয়ের কারণে এক মৌসুম খেলা হয়নি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও খেলতে হয়েছে কেন উইলিয়ামসনের অধীনে। বছর ঘুরতেই পুরনো সিংহাসন ফিরে পেলেন ডেভিড ওয়ার্নার। আবারও আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে ফিরেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার।
২০১৮ সালে সাউথ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার আগে হায়দরাবাদের নেতৃত্বে ছিলেন ওয়ার্নার। তার অধিনায়কত্বে ২০১৬ সালে নিজেদের একমাত্র শিরোপাটি জেতে দলটি। নিষিদ্ধ হওয়ার পর তাকে বাদ দেয়া হয়। সেই সময় জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দেয়, নির্বাসন কাটিয়ে ফিরলেও ওয়ার্নার আর কোনদিনও পারবেন না অজিদের অধিনায়ক হতে।
ওয়ার্নার না থাকায় দলকে নেতৃত্ব দেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের হাত ধরে ২০১৮ সালের ফাইনাল খেলেছে হায়দরাবাদ। ২০১৯ সালে বাদ পড়ে এলিমিনেটর রাউন্ড থেকে। ২৬ ম্যাচের ১৪টি জেতানো উইলিয়ামসনের রেকর্ড বলে দিচ্ছে ভালোই নেতৃত্ব দিয়েছেন।
উইলিয়ামসনের চেয়ে অবশ্য বেশ ভালো গড় ওয়ার্নারের। তার অধিনায়কত্বে ৪৫ ম্যাচের ২৬টিতে জয় দলের, একমাত্র শিরোপাটিও তার হাত ধরেই এসেছে।
নেতৃত্ব ফিরে পাওয়ায় ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়ার্নার। তার অনুপস্থিতিতে হায়দরাবাদকে নেতৃত্ব দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন উইলিয়ামসন ও ভূবনেশ্বর কুমারকে, ‘আমাকে আবার অধিনায়কত্ব দেয়ার জন্য আমি কৃতজ্ঞ।’
‘আমি কেন ও ভূবিকে ধন্যবাদ জানাতে চাই, কয়েকবছর দলকে পরিচালনার জন্য। তোমরা অসাধারণ কাজ করেছ। ম্যানেজমেন্টকে আবারও ধন্যবাদ। আমাকে এই সুযোগ আবার দেয়ার জন্য। আমার সেরাটা দেয়ার চেষ্টা করব।’








