আফগানিস্তানের কান্দাহারের গর্ভনরের অতিথি ভবনে এক বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৫ কূটনীতিক।
নিহত কূটনীতিকরা “মানবাধিকার, শিক্ষা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে” কর্মরত ছিলেন বলে জানিয়েছে ইউএই সরকার।
ওই হামলায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জুমা মোহাম্মদ কবি এবং কান্দাহারের গর্ভনরও আহত হয়েছেন।
মঙ্গলবারের ওই হামলাকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জঘন্য সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। এ ঘটনায় ইউএইতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেয়া হয়েছে।
এর অাগে আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্টের কাছে তালেবানের আরেক জোড়া আত্মঘাতী হামলায় ৩০ জন নিহত ও ৮০ জন আহত হয়।
কাবুলে বিকেলের ব্যস্ত সময়ে যখন পার্লামেন্টের কর্মকর্তা-কর্মচারিরা পার্লামেন্ট প্রাঙ্গণ ত্যাগ করছিল তখনই বোমা হামলা হয়। হামলার পরপরই দায় স্বীকার করে তালেবান। নিহতদের বেশিরভাগই পার্লামেন্টের কর্মকর্তা-কর্মচারি।
কাবুলে কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ জঘন্য হামলায় জড়িতদের গ্রেফতারের ঘোষণা দিয়েছেন।








