আফগানিস্তানের প্রাদেশিক পুলিশ সদর দফতরে আত্মঘাতি গাড়িবোমা ও বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেসে অবস্থিত পুলিশ সদর দপ্তরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়ছে।
বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল পুলিশ সদর দপ্তর সংলগ্ন ট্রেনিং সেন্টার। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
দেশটির উপ স্বাস্থ্য পরিচালক হেদায়েতউল্লাহ জানান: আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাধারণ মানুষ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও রয়েছে। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।








