৮ দিনের ভারত সফরের উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকা ছেড়েছে ব্যান্ডদল ‘চিরকুট’। ভারতের ব্যাঙ্গালরে আইএসএমই (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর মিউজিক এডুকেশন) এর আয়োজনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবে দলটি। শারমীন সুলতানা সুমির নেতৃত্বে পাভেল অরিন, জাহিদ নীরব ও ইমন চৌধুরী দলের হয়ে অংশ নিচ্ছেন।
কোলকাতা হয়ে ব্যাঙ্গালর যাবে দলটি। শারমিন সুলতানা সুমি চ্যানেল আই অনলাইনকে উড়ানের আগমুহূর্তে জানান, দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ একটি সঙ্গীত বিষয়ক পর্যালোচনার আসর এটি। সারা বিশ্ব থেকে খ্যাতিমান সঙ্গীতজ্ঞরা এখানে আসবেন। যারা নিজ দেশ সহ বিশ্ব সঙ্গীত পরিস্থিতি নিয়ে তাদের পর্যালোচনা-চিন্তা এবং উত্তরণ ভাবনা তুলে ধরবেন। এই আসরে ইন্ডিভিজ্যুয়ালি কিংবা ব্যান্ডসহ অংশ নেয় সবাই। বাংলাদেশ থেকে ব্যান্ড হিসেবে সম্ভবত আমরাই প্রথম। বিশ্বখ্যাত বেহালাবাদক এল. সুব্রানিয়ামের প্রতিষ্ঠান আমাদের আমন্ত্রণ করেছে বাংলাদেশ থেকে। কারণ তারা আইএসএমই-এর অ্যাফিলিয়েটেড।’ তিনি আরও বলেন, ‘সঙ্গীত বিষয়ক নানা সেমিনার আর জ্যামিংয়ে দারুণ সময় কাটবে আশা করি।
২ ডিসেম্বর দেশে ফিরছে ‘চিরকুট’। ফিরে তাদের নতুন অ্যালবাম ‘উধাও’ এর প্রচারণায় ঘুরবে পুরো দেশ জুড়ে।








