কেমন হলো ‘চিরকুট’-এর গানে শ্যামল-মীমের রসায়ন?
বুধবার আনকাট মুক্তির অনুমতি পেয়েছে 'চিরকুট'

নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’-এর রোম্যান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ প্রকাশ হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত এ গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল। পুলক অনিলের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাতুল হাসান শান্ত।
তরুণ নির্মাতা মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’-এর এই রোমান্টিক গানে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আজিজুন মীম।
গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক সাড়া। সেইসঙ্গে গান ও ভিডিও দেখে অনেক দর্শক কিছুক্ষণের জন্য প্রেমে ঘোরে ডুবে যাচ্ছেন! নব্বই দশকের আবহ, প্রেম ও নস্টালজিয়াকে ধারণ করে গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গানটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, সিনেমার গানের ক্ষেত্রে আমি বরাবরই সচেতন। ‘প্রেমে গেলাম ডুবে’ চমৎকার কথা ও সুরের একটি রোমান্টিক গান। নিজের গাওয়া গানটি যতবার শুনছি, ততই মুগ্ধ হচ্ছি। আশা করি, গানটি আমার ভক্তদের প্লেলিস্টে প্রথম দিকেই থাকবে।
গীতিকার পুলক অনিল বলেন, নব্বই দশকের প্রেক্ষাপটে একটি গল্পের জন্য বর্তমান সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখে গান লেখা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে গানটি সম্পূর্ণ হওয়ার পর থেকেই গানটির প্রেমে পড়তে বাধ্য হয়েছি।
চলচ্চিত্রটির নির্মাতা মুনতাসীর আকিব বলেন, ‘চিরকুট’ চলচ্চিত্রের প্রতিটি গানই খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি গানেই ভিন্নতা রয়েছে। আশা করি, চলচ্চিত্রটির গানগুলো দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং সবার কন্ঠে জায়গা করে নিবে।
এদিকে, বুধবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে ‘চিরকুট’। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে দেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নির্মাতা জানান, কোনো এডাল্ট সিন নেই। পরিবার নিয়ে দর্শকরা ‘চিরকুট’ উপভোগ করতে পারবেন।





