জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রোববার সকাল ১০ টায় তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন। খালেদা জিয়ার আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
বেগম খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই দলের সিনিয়র নেতারা আদালতে উপস্থিত রয়েছেন।
এর আগে ৭ এপ্রিল তার আত্মপক্ষ সমর্থনের দিন থাকলেও খালেদা জিয়া আদালতে উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়।
ওই দিন তার পক্ষে আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন ও যুক্তি উপস্থাপনের নতুন দিন ঠিক করে দেন বিচারক আবু আহমেদ জমাদার। খালেদাকে অবশ্যই আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।







