আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তিতে ডেনমার্কের পার্লামেন্টের অনুমোদন

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তিতে ডেনমার্কের পার্লামেন্টের অনুমোদন

ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা চুক্তিতে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ডেনমার্কের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে আর্কটিক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে চলমান উত্তেজনা কমবে বলে আশা করছে ডেনমার্ক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডেনমার্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে চুক্তিটি সই হয়। খনিজ সম্পদে সমৃদ্ধ স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে বারবার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দ্বীপটিতে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস।

ডেনমার্কের পার্লামেন্টে চুক্তির পক্ষে ভোট দেন ১০৯ জন আইনপ্রণেতা। বিপক্ষে কোনো ভোট পড়েনি। চুক্তিটি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদনের প্রয়োজন নেই। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক নোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে অবহিত করলেই এটি কার্যকর হবে।

চুক্তি অনুযায়ী, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এর মধ্যে রয়েছে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের অনুমতি। তবে চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক কিংবা অর্থনৈতিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেননি ট্রাম্প। তার এমন অবস্থান গত জানুয়ারিতে ন্যাটো জোটের মধ্যে কূটনৈতিক সংকট তৈরি করে। এর পর থেকেই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা জোরদার হয়।

চলতি মাসে গ্রিনল্যান্ডের পার্লামেন্টও চুক্তিটি অনুমোদন করেছে। এর আগে গত সপ্তাহে ডেনমার্কের পার্লামেন্টে প্রথম পাঠে সব দলের সমর্থন পায় চুক্তিটি। চূড়ান্ত অনুমোদনের পর স্বস্তি প্রকাশ করেছেন আইনপ্রণেতারা। তাদের প্রত্যাশা, এর ফলে গ্রিনল্যান্ড নিয়ে চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে।

তবে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মিকেল ভেদবি রাসমুসেন মনে করেন, এই চুক্তির মধ্য দিয়ে সংকটের অবসান হচ্ছে না, বরং নতুন একটি অধ্যায়ের সূচনা হচ্ছে।

রাসমুসেন মতে, চুক্তির ভিত্তিতে নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত এবং কৌশলগত সম্পদ উত্তোলনের মতো বিষয়ে আরও বেশি প্রভাব বিস্তারের দাবি জানাতে পারবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন, নতুন চুক্তির ফলে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক প্রবেশাধিকারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না।

ভৌগোলিক অবস্থানের কারণে গ্রিনল্যান্ড সামরিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ থেকে উত্তর আমেরিকায় যাওয়ার সংক্ষিপ্ততম পথগুলোর একটি এই দ্বীপের ওপর দিয়ে গেছে। এ ছাড়া গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের সামরিক ঘাঁটি অবস্থিত।

বিষয়:গ্রিনল্যান্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি ডেনমার্কের পার্লামেন্টের অনুমোদন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…