নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে মাঠে নামবেন সন্দীপ লামিচেন। রোববার মেগা ইভেন্টের ১১তম আসরের দ্বিতীয়দিন তাকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
১৭ বছরের লামিচেন প্রথম লাইমলাইটে আসেন ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক দিয়েই নিজের জানান দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন লামিচেন। নিয়েছিলেন ১৪টি উইকেট। নিজেদের ক্রিকেট ইতিহাসে নেপালও সেই আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
নিজের পারফরম্যান্স দিয়ে লামিচেন দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক ও তার আইডল শেন ওয়ার্নের। পরে অস্ট্রেলিয়ায় গিয়ে সিডনিতে ক্লার্কের অ্যাকাডেমিতে প্রশিক্ষণও নিয়েছেন। সেখানে তিনি ক্লাব ওয়েস্টার্ন সুপার্বের সদস্য ছিলেন।
লামিচেনকে দলে নিয়ে টুইটারে স্বাগত জানিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। একজন নেপালিকে দলে নিয়ে ইতিহাসের অংশ হতে পেরে লামিচেনকে অভিনন্দন জানিয়েছে ডেয়ারডেভিলসের প্রধান নির্বাহী হেমন্ত দাওয়া।









