এবারের আইপিএলে মাইক্রোফোন হাতে ফিরতে পারেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে-এমন খবরে সরব হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেটাঙ্গন। কিন্তু নাহ, সেটা আর হল না! ধারাভাষ্যকক্ষে আগের মতই ব্রাত্য থেকে গেলেন জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার।
দশম আইপিএলে ধারাভাষ্য দেবেন এমন ২০ জন ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে বিসিসিআই। রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জারেকারদের মত জনপ্রিয় ধারাভাষ্যকারদের সঙ্গে জায়গা পেয়েছেন মাইকেল ক্লার্ক, কেভিন পিটারসেনদের মত সাবেক ক্রিকেটাররা। কিন্তু সেই আগের মতই তার প্রিয় জায়গায় অবহেলার শিকার হলেন হার্শা। অথচ কিছুদিন আগেও সনি নেটওয়ার্কের ইন্ডিয়ান বিজনেস বিভাগের প্রধান প্রসন্না কৃষ্ণা হার্শার ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু কথা কথাই রইল। হার্শার কপাল খুলল না।
হার্শা দীর্ঘ সময় ধরেই মাইক্রোফোন হাতে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষকদের একজন। কোন দেশের সাবেক ক্রিকেটার না হওয়ায় বিশ্লেষণের ক্ষেত্রে সব দলের জন্য নিরপেক্ষ ভূমিকা রাখতেও সুপরিচিত তিনি। যাতে ছেদ পড়ে গত টি-টুয়েন্টি বিশ্বকাপের সময়। বাংলাদেশ-ভারত ম্যাচে হার্শার কিছু কথাকে ধরে উত্তপ্ত হয় ভারতীয় ক্রিকেটাঙ্গন।
বিষয়টি নিয়ে অমিতাভ বচ্চন থেকে মহেন্দ্র সিং ধোনি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন। এরপর নড়েচড়ে বসে ভারতীয় বোর্ডও। তখনকার অধিনায়ক ধোনি এবং বিসিসিআই হার্শার ওপর খেপেছিল বলে খবর আসে। তার জের ধরে গত আসরের আইপিএলের আগে হঠাৎ করেই ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয় হার্শাকে।










