প্রায় এক বছর পর আবারো পরিচিত ভূবনে ফিরছেন হার্শা ভোগলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসরে মাইক্রোফোন হাতে দেখা যেতে পারে জনপ্রিয় এই ধারাভাষ্যকারকে।
কলকাতায় এক অনুষ্ঠানে মঙ্গলবার সনি নেটওয়ার্কের ইন্ডিয়ান বিজনেস বিভাগের প্রধান প্রসন্না কৃষ্ণান হার্শার ফেরার ইঙ্গিত দেন। তিনি সাংবাদিকদের জানান, ‘আমাদের লক্ষ্যই হলো আবারো হার্শাকে স্টুডিওতে ফিরিয়ে আনা। কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে, সব ঠিক থাকলে এবারের আইপিএলেই আবারো ধারাভাষ্যে দেখা যাবে তাকে।’
হার্শা দীর্ঘ সময় ধরেই মাইক্রোফোন হাতে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষকদের একজন। কোন দেশের সাবেক ক্রিকেটার না হওয়ায় বিশ্লেষণের ক্ষেত্রে সব দলের জন্য নিরপেক্ষ ভূমিকা রাখতেও সুপরিচিত তিনি। যাতে ছেদ পড়ে গত টি-টুয়েন্টি বিশ্বকাপের সময়। বাংলাদেশ-ভারত ম্যাচে হার্শার কিছু কথাকে ধরে উত্তপ্ত হয় ভারতীয় ক্রিকেটাঙ্গন। বিষয়টি নিয়ে অমিতাভ বচ্চন থেকে মহেন্দ্র সিং ধোনি পর্যন্ত সামাজিক মাধ্যমে লেখেন।
এরপর নড়েচড়ে বসে ভারতীয় বোর্ডও। তখনকার অধিনায়ক ধোনি এবং ভারতীয় দলের সমালোচনা করেছেন বলেই হার্শার ওপর বিসিসিআই খেপেছিল বলে খবর আসে। তার জের ধরে গত আসরের আইপিএলের আগে হঠাত করেই ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয় হার্শাকে। ব্রাত্য হয়ে তিনি দূরেই ছিলেন। তবে সময়ের পালাবদলে বিসিসিআইয়ের বিভিন্ন শীর্ষ পদে পরিবর্তন আসায় এখন কপাল খুলতে যাচ্ছে জনপ্রিয় এই ধারাভাষ্যকারের।








