টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবা রবীন্দ্র ঘোষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার পাশকুড়া রেল স্টেশনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।
পাশকুড়া থানার পুলিশ জানায়, পাঁশকুড়া স্টেশনের কাছে রেল লাইনের পাশে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়েছিল। নিয়ম অনুযায়ী সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল পাঁশকুড়া থানার পুলিশ। মৃতের সঙ্গে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করতেই পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তি অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবা।
অভিনেতা রুদ্রনীল তার বাবার মৃতদেহ সনাক্ত করে সাংবাদিকদের জানান, পঞ্চমী থেকেই নিখোঁজ ছিলেন বাবা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি একজন শিল্পী ছিলেন। তাই ছবি আঁকার জন্য মাঝেমধ্যেই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় চলে যেতেন। গত বৃহস্পতিবার পঞ্চমীর দিন সেভাবেই বাড়ি থেকে বেরিয়েছিলেন।
পাশকুড়া থানা পুলিশ খতিয়ে দেখছেন রেল দুর্ঘটনা নাকি অন্য কোনওভাবে রবীন্দ্রনাথবাবুর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিয়ে এখন মুখ খুলতে নারাজ।







