কলকাতা, ভারত থেকে: দেশে ফিরে গিয়ে অবসরের কথা ভাববেন বাংলাদেশ দলকে ‘নতুন পরাশক্তি’তে রূপান্তরে নেতৃত্ব দেয়া মাশরাফি বিন মর্তুজা। ‘আগামীকালই হতে পারে তার শেষ ম্যাচ, কালই আসতে পারে অবসরের ঘোষণা’, আজ (শুক্রবার) সারাদিনই থাকা এ ধরনের একটা গুঞ্জনকে উড়িয়েই দিলেন ম্যাশ।
সংবাদ সম্মেলনে অবসর সংক্রান্ত প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, এটা (অবসর) আমি এখন ভাবছি না। ভাববো বাসায় গিয়ে। এর আগে আগামীকালের ম্যাচ শেষ করি।
বিকেলে হোটেল গ্র্যান্ড ওবেরয়-এ বিষয়টি এড়িয়ে গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, আপাতত এসব নিয়ে আমরা একেবারেই কোন পরিকল্পনা করিনি। আগে বিশ্বকাপটা ভালো করে শেষ করে ফিরতে চাই। তারপর না হয় বসা যাবে।
বিসিবি সভাপতির সিদ্ধান্তেই মুশফিকুর রহিমের পরিবর্তে গত ওয়ানডে বিশ্বকাপের আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিলো মাশরাফি বিন মর্তুজাকে। সেই বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার সাফল্যের পর তার নেতৃত্বে টাইগাররা ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান, ভারত এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে।






