অবরোধে কাতার এয়ারওয়েজের ক্ষতি ৬’শ কোটি টাকা

সৌদি আরবসহ কয়েকটি দেশের অবরোধের কারণে প্রায় ৬’শ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এয়ারওয়েজ।
২০১৭ সালের ৫ জুন কাতারের ওপর অবরোধ আরোপ করে চার উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর এবং বাহরাইন। কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দেশগুলো।
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, গত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে তারা।
কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী আকবর আল বাকের এক বিবৃতিতে বলেন, কাতারের ওপর এই অবরোধ আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। যার নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে আমাদের এয়ারলাইন্সগুলোর ওপর।
সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে স্থল, বিমান এবং সাগরপথ বন্ধ করে দেয় চার আরব দেশ। তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার।
অবরোধের কারণে ১৮টি শহরে প্রবেশের অধিকার হারিয়েছে কাতারের এয়ারলাইন। ফলে নতুন করে তুরস্ক, ইরান এবং ওমানের ভেতর দিয়ে তাদের ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংকট শুরু হওয়ার পর নতুন ২৪টি গন্তব্য ঘোষণা করে কাতার এয়ারওয়েজ।






