লিওনেল মেসির বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে আনতে জোর চেষ্টা করছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যত দ্রুত সম্ভব মেসির ব্যাপারটি নিয়ে ফিফার কাছে আপিল করতে চায় দেশটি। কিন্তু ফিফার যেন গায়েই লাগছে না আর্জেন্টিনার এই তাড়া। কবে, কখন এই আপীল করতে হবে তা এখনো এএফএকে জানায়নি ফুটবলের অভিভাবক সংস্থাটি। মেসির অপেক্ষার প্রহর তাই একটু বাড়ছেই।
মেসির সঙ্গে কথা বলতে বার্সেলোনায় উড়ে গিয়েছিলেন এএফএ’র নতুন সভাপতি ক্লোদিও তাপিয়ে। নিষেধাজ্ঞা কমানোর ব্যাপারে করণীয় সব পরিকল্পনার ব্যাপারে আর্জেন্টাইন অধিনায়কের সাথে কথাও বলেছেন তিনি। তাপিয়ের আশা ছিল পুরো চার ম্যাচে বাইরে নাও বসে থাকতে হতে পারে আলবিসেলেস্তা তারকাকে। সেজন্য সমস্ত আইনি ব্যাপারগুলো ঘেটে দেখছে দেশটি। কিন্তু তাদের অন্ধকারেই রেখে দিচ্ছে ফিফা। আপীলের জন্য ঠিক কী করতে হবে এএফএকে সে ব্যাপারে এখনো কোন নির্দেশনাই দেয়নি ফিফা।
বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারির দিকে গালি ছুঁড়েছিলেন মেসি। এমন অভিযোগে চার ম্যাচের নিষেধাজ্ঞা জোটে তার। বাছাইপর্বে টালমাটাল অবস্থায় থাকা আর্জেন্টিনার জন্য এই নিষেধাজ্ঞা ছিল বিশাল এক ধাক্কা। পরে মেসি নিজেও নির্দোষ দাবি করে ফিফাকে চিঠি দিয়েছিলেন। নিষেধাজ্ঞা কমাতে আদালতে যাওয়ার ঘোষণা দেয় এএফএও।







