অপির আফসোস আছে, আক্ষেপ নেই

কিট ব্যাগটা এখনো সেই আগের মতো আগলে রাখেন। কতদিন বাদে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমেছেন, তা মেহরাব হোসেন অপির মনেই পড়ে না। মনে পড়ে শুধু সেইসব দিনের কথা। দেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, ব্যাট উঁচিয়ে আকাশে তাকানো। নানা কারণে ক্যারিয়ারটা খুব বেশি লম্বা হয়নি। অপির তাতে আফসোস আছে, কিন্তু কোনও আক্ষেপ নেই।
১১মে কক্সবাজারে একটি অ্যামেচার ক্রিকেট লিগে অপি একমি লিজেন্ডস অব বিডি’র হয়ে খেলতে নামেন। মাঠ থেকে ফিরে আসলে সায়মন রিসোর্টের লবিতে বসে কথা হয় তার সঙ্গে।
অপিদের দলে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ছিলেন। সেই তালিকায় হাবিবুল বাশার, জাবেদ ওমর বেলিম, হাসিবুল হোসেন শান্ত’র মতো নাম ছিল। এক সময়ের সতীর্থদের সঙ্গে মাঠে নেমে প্রথম ম্যাচে জয় পান। কিন্তু এরপর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্টের মূল পর্ব থেকে ছিটকে যেতে হয় তাদের।
‘ক্রিকেট এখনো সেই আগের মতোই মনে দাগ কাটে। হয়তো ফিটনেস নেই, কিন্তু মনের জোরে খেলে গেছি,’ অপি বলেন আর হাসতে থাকেন।
ক্যারিয়ারটা কেন লম্বা হলো না? এমন প্রশ্নে অপি ভাগ্যকেই দুষতে চাইলেন, ‘আমাদের ব্যাচের কেউ সেভাবে ক্যারিয়ার দীর্ঘ করতে পারেনি। হয়তো আরো খেলে যেতে পারতাম। কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠেনি। ভাগ্য সহায় ছিল না। একটু আফসোস হয়। আবার ভাবি আক্ষেপের কী আছে। বলতে পারেন আমি খুশি।’
সুদর্শন হওয়ার সুবাদে ক্যারিয়ারজুড়ে তার আলাদা পরিচিত ছিল। মেয়েদের মধুর যন্ত্রণায় পড়তে হতো যখন-তখন, ‘অনেক মেয়ে ভক্ত ছিল। সময়টা খুব এনজয় করতাম। এখন আর সেই সময় নেই। নিজেও অনেক বদলে গেছি। আসলে বদলে যেতে হয়।’
যেখানে বসে অপি এমন স্মৃতিতে ভাসছেন, তার প্রায় একশ হাত দূরে সমুদ্রের নীল জলরাশি। একদিন আগে গভীর রাতে অপিকে আবিষ্কার করা যায় সৈকতে। সমুদ্রের প্রতি কেমন যেন একটা টান অনুভব করেন, ‘কক্সবাজার আসলেই কেমন যেন অন্যরকম লাগে। রাতে সৈকতে বসে থাকতে ভাল লাগে। নিজেকে নতুন করে খুঁজে পাই।’
মেহরাব হোসেন অপির চাচা আজহার হোসেন শান্টু ছিলেন বাংলাদেশের হয়ে প্রথম ফিফটি করা ব্যাটসম্যান। এরপর অপির হাত ধরে আসে প্রথম সেঞ্চুরি। অপি স্বপ্ন দেখেন তার পরের প্রজন্ম থেকে ট্রিপল বের হবে, ‘আগে বলতাম আমার বংশের কেউ প্রথম ডাবল সেঞ্চুরি করবে। ওয়ানডেতে সেটা না হলেও টেস্টে হয়ে গেছে। নিশ্চয়ই ট্রিপল সেঞ্চুরিটা আমাদের জন্য আছে!’
লবির জানালা দিয়ে সমুদ্রের দিকে চোখ পড়ে। আলোচনা মোড় নেয় একটি আবেগী অধ্যায়ে। যার সবটা জুড়ে রমণ লাম্বা! ঢাকার ঘরোয়া লিগে অপির ব্যাট থেকে ছুটে আসা বল মাথায় লাগলে হাসপাতালে মারা যান এই ভারতীয় ক্রিকেটার।
রমণের কথা পড়ে কি না? জানতে চাইতেই অপির মুখটা কেমন ফ্যাকাসে হয়ে আসে, ‘খুব মনে পড়ে। ওই ঘটনার পর প্রথম সপ্তাহ তো ঘুমাতে পারিনি। নিজেকে অপরাধী মনে হতো।’
‘রমণ যখন হাসপাতালে, তখন ওর স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। আমি কীইবা বলতে পারতাম। উনি শুধু আমাকে একবার দেখেছিলেন। কোনও কথা বলেননি।’
অপিও এরপর আর কথা বলতে পারেন না। কিছুক্ষণ চুপ করে থাকেন। সমুদ্রের দিকে তাকান। তারপর এক সময় বিদায় নিয়ে বেরিয়ে পড়েন।
হয়তো ওই সৈকতের উদ্দেশে…



