চোটের কারণে ভারত সফরে তাকে দলে পায়নি অস্ট্রেলিয়া। ফিরেই ঘরোয়া লিগে আগুন ঝরাচ্ছেন। দারুণ এক কীর্তি গড়ে নিজের জাত মনে করাচ্ছেন মিচেল স্টার্ক। কেন তিনি অজি দলে এত দামি সেই বার্তাই দিচ্ছেন অ্যাশেজ লড়াইয়ের অপেক্ষায় থাকা ইংল্যান্ডকে! সেটা অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে একমাত্র বোলার হিসেবে একই ম্যাচে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তি গড়েই।
মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের হয়ে দ্বিতীয় ইনিংসে পেস-ব্যাটারি স্টার্কের হ্যাটট্রিকের সূচনা হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জোনাথন ওয়েলসকে অধিনায়ক স্টিভেন স্মিথের ক্যাচ বানিয়ে। পরের দুই বলে জেসন বেহরেনড্রফ এবং ডেভিড মুডিকে তুলে নিয়ে পূরণ করেছেন ম্যাচে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক।
প্রথম ইনিংসে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জেসন বেহরেনড্রফ, ডেভিড মুডি ও সিমন ম্যাকিনকে তুলে নিয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন স্টার্ক।
শেফিল্ড শিল্ডে একই ম্যাচে দুই হ্যাটট্রিক পাওয়া প্রথম এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে সপ্তম বোলার হলেন স্টার্ক। এমন কীর্তির সবশেষটি ছিল ১৯৭৮-৭৯ মৌসুমে, জোড়া হ্যাটট্রিক পেয়েছিলেন ইন্ডিয়ান্স দলের বিপক্ষে মুলতান কম্বাইন্ডের বোলার আমিন লাখানি।
স্টার্কের ম্যাচে আলো ছড়িয়েছেন অধিনায়ক স্মিথও। দুই ইনিংসে করেছেন ৭৬ ও ১২৭ রান।








