২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরে যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই ‘অনুচিত উদ্দেশ্য’ নিয়ে গুপ্তচরবৃত্তি করেছিল কিনা, তা তদন্ত করে দেখবে দেশটির বিচার বিভাগ।
রোববার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, আগের ক্ষমতাসীন প্রশাসন তার বিরুদ্ধে এমন কোনো গোয়েন্দাগিরির নির্দেশ দিয়েছিল কিনা, জানতে চান তিনি।
সম্প্রতি কয়েকটি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রচারণা সহযোগীদের বৈঠকে এফবিআইয়ের একজন গুপ্তচর ছিল। এর প্রেক্ষিতেই তদন্তের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন বলেছেন, এ ধরনের কোনো অনুপ্রবেশের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
I hereby demand, and will do so officially tomorrow, that the Department of Justice look into whether or not the FBI/DOJ infiltrated or surveilled the Trump Campaign for Political Purposes – and if any such demands or requests were made by people within the Obama Administration!
— Donald J. Trump (@realDonaldTrump) May 20, 2018
এক বিবৃতিতে রোজেনস্টাইন বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় যদি সত্যিই কেউ অনুচিত উদ্দেশ্য নিয়ে অনুপ্রবেশ করে বা অংশগ্রহণকারীদের ওপর নজরদারী চালিয়ে থাকে, তবে সে ব্যাপারে আমাদের জানতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
রাশিয়া ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ করে ট্রাম্পের পক্ষে ফলাফল প্রভাবিত করতে চেষ্টা করেছিল কিনা, ইতোমধ্যে এ নিয়ে একটি তদন্ত চলছে। এ ইস্যুতে ট্রাম্পের সর্বশেষ দাবি ছিল, তার ক্ষতি করার চেষ্টায় পরিচালিত ওই তদন্তে তার নির্বাচনী শিবির ও রাশিয়ার মধ্যে কোনো সংযোগ পাওয়া যায়নি।










