প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাওর অঞ্চল সফরের কারণ উল্লেখ করে হাওরের দুর্গত মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ প্রতিনিধি দলকে স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এই অভিযোগ করেন।
রিজভী আহমেদ বলেন, পাহাড়ী ঢলের প্রথম আঘাতেই বিএনপি মহাসচিব নেত্রকোণা জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়ান। শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ত্রাণ প্রতিনিধি দল সুনামগঞ্জে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেও প্রধানমন্ত্রীর সফরের কারণ উল্লেখ করে স্থানীয় প্রশাসন ত্রাণ প্রতিনিধির দলের এই সফর বানচাল করে দিয়েছে।
তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে কোন অজুহাত আনা একদলীয় দুঃশাসনের বহিঃপ্রকাশ। দুর্গত হাওরের মানু্ষের মাঝে ত্রাণ দেয়া নিয়েও দলীয়করণ করছে সরকার।
রিজভী বলেন, হাওর এলাকায় পাহাড়ী ঢলে মানুষ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে নিপতিত হয়েছে। অধিকাংশ এলাকায় সরকারের কোন তৎপরতা নেই, এমনকি পৌঁছেনি সরকারের কোন ত্রাণ সহায়তা। এমতাবস্থায় হাওরের মানুষের সাহায্যর্থে এগিয়ে যাওয়া নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে ত্রাণ তৎপরতায় বাধা দিচ্ছে, যা অত্যন্ত অমানবিক আচরণ।
অসহায়, বিপর্যস্ত মানুষকে নিয়ে উপহাস ও তাচ্ছিল্য করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ভোটারবিহীন সরকার বলেই মানুষের এই দুর্দশা তারা দেখতে পাচ্ছেন না।হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে এবং পাশাপাশি দেশের সকল বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ত্রাণ তৎপরতায় প্রশাসনকে বাঁধা না দেয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত রবিবার প্রধানমন্ত্রীর হাওর এলাকা সফর করার কথা রয়েছে।
রিজভী সংবাদ সম্মেলনে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ নিয়েও কথা বলেন। ১ মে অনুমতি না পেলে ২/৩ মে অনুমতি পেলে সোহরাওয়ার্দীতে শ্রমিক সমাবেশ করা হবে।।সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।








