সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা এবং এপিআই ইন্ডাষ্ট্রিয়াল সার্ভিসেস লি.-এর চেয়ারম্যান মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।
রোববার (১৭ মে) বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির অন্যতম উপদেষ্টা, এপিআই ইন্ডাষ্ট্রিয়াল সার্ভিসেস লি.-এর চেয়ারম্যান, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং দি একমি ল্যাবরেটরিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার ইন্তেকালে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ-এর সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি দেশের ঔষধ শিল্পের অগ্রযাত্রা ও বিকাশে তার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সকল সদস্যবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।








