অসংখ্য ভক্তদের কাঁদিয়ে সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় মারা গেলেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। সব কিছু ঠিকঠাক থাকলে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ সিঙ্গাপুর থেকে আসামে পৌঁছবে প্রয়াত এই গায়কের মরদেহ।
তথ্যটি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গাপুরের ভারতীয় হাইকমিশনার শিশপক আম্বুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে শিল্পীর মরদেহ দ্রুত আসামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
মুখ্যমন্ত্রী আরও জানান, শনিবার (২০ সেপ্টেম্বর) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সম্ভবত সন্ধ্যার মধ্যে তার মরদেহ আসামে আনা হবে। যারা জুবিন গার্গের সঙ্গে ছিলেন, তদের একটি তালিকা ভারতীয় হাই কমিশন পাঠিয়েছে। এই তালিকায় রয়েছেন ১১ জন, যার মধ্যে আছেন ইয়ট বুক করা অভিমন্যু তালুকদার, গার্গের দলের চার সদস্য এবং দুই ক্রু।
ভারত সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান। আসামের জনগণ যাতে তাদের প্রিয় শিল্পীর শেষ মুহূর্তের ঘটনা জানতে পারে, সেই জন্য সরকার সব রকম ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বাস দেন।
হিমন্ত বিশ্ব শর্মা জানান, জুবিন গার্গের মরদেহ সরুসজাই স্টেডিয়ামে রাখা হবে যাতে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীর শেষকৃত্যের সিদ্ধান্ত জনগণের মতামত নিয়েই নেয়া হবে।
গায়কের মৃত্যুর সংবাদ জানার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মাকে সঙ্গে নিয়ে গায়কের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
হিন্দি, বাংলা থেকে অসমিয়াসহ বহু ভাষায় গান গেয়েছেন সদ্য প্রয়াত এই শিল্পী। বহু গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। তার মধ্যে অন্যতম বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ গানটি। এটি জুবিনকে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়।
এছাড়াও ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার ‘চোখের জলে’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার ‘পিয়া রে’ গানগুলো এই শিল্পীর কথা মনে করিয়ে দেবে বারবার। ২০১৩ সালে বাংলাদেশি সিনেমা ‘নিঃস্বার্থ ভালোবাসা’-তে ‘ঢাকার পোলা’ গানটিতেও কণ্ঠ দেন জুবিন।-ইন্ডিয়া টিভি নিউজ








