বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ। সংস্থাটি জানিয়েছে, তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীতে অভিযান চালিয়ে কামাল জামান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামানের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। মামলার পরে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।







