ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, আবেদনকারীদের অঙ্গীকারনামা বাধ্যতামূলক

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, সব ভিসা আবেদনকারীকে নির্ধারিত ফরম্যাটে পূরণ করা ভিসা অঙ্গীকারনামা জমা দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরম্যাটের ‘Visa Undertaking Form’ ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে স্ক্যান করতে হবে। স্ক্যান করা ফর্মটি এনআইসি ভিসা আবেদন পোর্টালে (NIC Visa Application Portal) অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া ফর্ম গ্রহণযোগ্য হবে না।
ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন। আবেদনকারীদের নির্ধারিত লিংক থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অঙ্গীকারনামায় যেসব তথ্য দিতে হবে-
প্রকাশিত এক পাতার ‘Visa Undertaking Form’-এ প্রথমে আবেদনকারীকে নিজের নাম উল্লেখ করে অঙ্গীকার করতে হবে, তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করেছেন, শুধু সেই উদ্দেশ্যেই ভারত সফর করবেন। পাশাপাশি আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক বলে ঘোষণা দিতে হবে।
ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত তথ্য দিতে হবে। এ অংশে পাঁচটি তথ্য বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো হলো—
– পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর নাম
– পাসপোর্ট নম্বর
– জাতীয়তা
– জন্মতারিখ
– ঢাকায় বর্তমান ঠিকানা
দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা বা সম্মেলনে অংশগ্রহণ।
ফর্মের তৃতীয় থেকে পঞ্চম অংশে তিনটি অঙ্গীকার করতে হবে। এর মধ্যে রয়েছে, সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান না করা।
এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির সব আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার অঙ্গীকার করতে হবে। কোনো আইনবিরোধী কাজে জড়ানো যাবে না। আইন লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলেও ফর্মে উল্লেখ রয়েছে।
সবশেষে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।






