মিডফিল্ডার ফের্মিন লোপেজ বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দিয়েই জাভি হার্নান্দেজের কাছে ছুটে যান। হাত মিলিয়ে নিজের গুরুকে জড়িয়ে ধরে উদযাপন করেন। সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের মধ্য দিয়ে শেষ হল জাভির বার্সা অধ্যায়। ট্রফিহীন মৌসুমে বিদায়ী ম্যাচে জয়ের স্বাদ নিয়েই তিনি কাতালান ক্লাবটি থেকে বিদায় নিলেন।
জাভি বরখাস্ত হওয়ার দুদিন পর লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামে বার্সেলোনা। রামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে রোববার রাতে দলটির হয়ে শেষবারের মতো তিনি ডাগ আউটে ছিলেন।
টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লা লিগা শেষ করা বার্সার পয়েন্ট ৮৫। আগেই শিরোপা নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে কাছে তারা হেরে যায়। পিএসজির বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিলের শেষ আট থেকে ছিটকে যায়।
খেলার ১৫ মিনিটে জোয়াও ক্যানসেলোর পাসে বল নিয়ে ডান পায়ের শটে অতিথিদের এগিয়ে দেন রবার্ট লেভান্ডোভস্কি। এবারের লিগে তিনি বার্সার হয়ে সর্বাধিক ১৯ গোলের মালিক হলেন। সেভিয়াকে ৩১ মিনিটে সমতায় ফেরান ইউসুফ এন-নেসিরি।
বিরতির পর ৫৯ মিনিটে ইলকায় গুনডোয়ানের অ্যাসিস্টে পাওয়া বলে ডানপায়ের রক্ষণচেরা দূরপাল্লার শটে নিশানাভেদ করেন লোপেজ। এ সময় দৌড়ে গিয়ে তিনি গ্যালারিতে থাকা দর্শকদের লক্ষ্য করে স্যালুট দেন। তারপর জাভিকে তার জড়িয়ে ধরা আবেগঘন সেই মুহূর্তের অবতারণা ঘটে।








