আন্তর্জাতিক

ইয়েমেনে হঠাৎ বাড়ছে কলেরা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইয়েমেনে হঠাৎ বাড়ছে কলেরা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি:সংগৃহীত

একদিকে সংঘাতের ভয়াবহ আগুন। অন্যদিকে কলেরার মতো প্রাণঘাতী মহামারী। ইয়েমেনের বাস্তুচ্যুত ও নিঃস্ব মানুষগুলোর জীবন আজ চরম দুর্ভোগে। যুদ্ধ থেকে বেঁচে ফিরলেও অস্বাস্থ্যকর আশ্রয় শিবিরগুলোতে নিরাপদ সুপেয় পানির অভাবে ছড়িয়ে পড়েছে কলেরা। গত তিন সপ্তাহে আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা তিনগুণ বাড়ায় চরম মানবিক বিপর্যয়ের এক করুণ আর্তনাদ ভেসে আসছে পুরো ইয়েমেনজুড়ে।

আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, দেশটিতে চলমান যুদ্ধ এবং এর সঙ্গে ব্যাপক জনসংখ্যার স্থানান্তর সংক্রামক এই রোগের ঝুঁকি বৃদ্ধি করেছে। অতিরিক্ত ভিড়, নিরাপদ পানির অভাব এবং স্বাস্থ্যসেবার অভাবে লাখ লাখ মানুষ কলেরা ও হামসহ প্রতিরোধযোগ্য বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন।

গত ৬ থেকে ১২ সেপ্টেম্বরে এক সপ্তাহে ইয়েমেনে সন্দেহভাজন কলেরা রোগীর সংখ্যা ছিল ২১৭ জন, যা ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর সপ্তাহে তিনগুণ বেড়ে ৬৪৭ জনে দাঁড়িয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, ইয়েমেনে চলতি বছরের এখন পর্যন্ত ৮ হাজার ৩৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ২৭ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

ডব্লিউএইচও আরও বলেছে, প্রতিরোধযোগ্য রোগের এই বাড়তি চাপ সংঘাত ও লড়াইয়ে আহত হাজার হাজার মানুষের চিকিৎসা দেওয়া হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। চিকিৎসা না পেলে কলেরায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হতে পারে। যদিও এটি ওরস্যালাইন খাওয়ার মাধ্যমে সহজ উপায়ে এবং গুরুতর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে নিরাময় করা যায়।

সোমবার (১২ অক্টোবর) জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, সহিংসতা বৃদ্ধির পর থেকে ইয়েমেনে ২ লাখ ১৭ হাজারের বেশি মানুষ ভিটেমাটি ছেড়ে পালিয়েছেন। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন এমনিতেই বিশাল মানবিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছে।

জেনেভাভিত্তিক ডব্লিউএইচও বলেছে, ইয়েমেনে ৯০ দিনের জরুরি পদক্ষেপের জন্য প্রয়োজনীয় ৩ কোটি ১০ লাখ ডলারের মধ্যে মাত্র ৩৭ লাখ ৮০ হাজার ডলার পেয়েছে সংস্থাটি। সংগৃহীত এই অর্থ বাস্তুচ্যুতদের আবাসন কেন্দ্রগুলোতে রোগ পর্যবেক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ,কলেরা চিকিৎসার সক্ষমতা জোরদার এবং স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রগুলোতে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করার কাজে ব্যয় করা হবে।

বিষয়:ইয়েমেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…