পরিবেশ

আগামী তিন মাসে ৬টি শৈত্যপ্রবাহ, তীব্র হতে পারে ৩টি

আগামী তিন মাসে ৬টি শৈত্যপ্রবাহ, তীব্র হতে পারে ৩টি

ছবি: সংগৃহীত

কার্তিকের শুরু থেকেই ধীরে ধীরে কমছে তাপমাত্রা। শেষরাতে গ্রামীণ জনপদে অনুভূত হচ্ছে শীতের আমেজ। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নদনদীর অববাহিকায় দেখা দিচ্ছে মাঝারি থেকে ঘন কুয়াশা। এরই মধ্যে আগামী তিন মাসে দেশে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার এ চিত্র তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহের সময় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়তে পারে।

এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এবং নদনদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে শীতের অনুভূতি আরও বাড়বে।

এদিকে আগামী তিন মাসে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, আগামী জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে কুয়াশার দাপটও থাকতে পারে।

তিনি জানান, শৈত্যপ্রবাহের সময় বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঠান্ডাজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই এ সময়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর কুয়াশা পূর্বাভাস শৈত্যপ্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…