বাংলাদেশের মাটিতে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বসবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য টুর্নামেন্টের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় সিরিজকে বেশ গুরুত্ব দিচ্ছে।
মার্চের শেষদিকে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আসছে অজিরা। অস্ট্রেলিয়ার মেয়েদের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা এসেছিল। শিরোপা জেতা চার ক্রিকেটার এখনো দলে আছেন। তারা হলেন- অ্যালিসা হিলি, এলিস পেরি, বেথ মুনি এবং জেস জোনাসেন।
অস্ট্রেলিয়া নারী দলের নির্বাচক শন ফ্লেলার বলেছেন, বাংলাদেশে আমাদের ভেন্যু আছে, যেখানে বিশ্বকাপের খেলাগুলো হবে। সেখানকার উইকেটের আচরণ কেমন হয়, সেটি সফরের সময় আমাদের খোঁজখবরের অংশ থাকবে।
ফ্লেলার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জন্য কিছু অতিরিক্ত খেলার সূচির ব্যবস্থা করার বিষয়ে আশাবাদী। বর্তমানে বাংলাদেশ সফরের পর বিশ্বকাপের আগে তাদের সূচিতে কোনো খেলাই নেই।
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ২০১০, ২০১২ ও ২০১৪ সালে ট্রফি উঁচিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দে মেতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের আসর জিতে ক্যাঙ্গারুরা আবারো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়।








