মেয়েদের বিশ্বকাপ ফুটবলে প্রথমবার অংশ নেয়া মরক্কোর প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখকর হয়নি। দুবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৬-০ গোলের হার মানতে হয়েছে আফ্রিকার দেশটির।
সোমবার মেলবোর্নে এইচ গ্রুপের ম্যাচে ১১ মিনিটে ক্যাথরিন হেন্ডরিচের ক্রসে বল পেয়ে হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন আলেকজান্দ্রা পপ। ৩৯ মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে হেডে আবারও লক্ষ্যভেদ করেন হেন্ডরিচ।
বিরতির পর ৪৬ মিনিটে ডান পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন ক্লারা বুহল। ৫৪ এবং ৭৯ মিনিটে নিজেদের জালেই বল জড়ায় মরক্কো। প্রথমটি করেন হানানে আ’ত এল হজ, পরে একই কাজ করেন ইয়াসমিন মরাবেত।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে বাঁ-পায়ে নিশানাভেদ করেন জার্মানির শুলের। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জার্মানি আরেকটি গোল পেতে পারতো। অফসাইডে তা বাতিল হয়।







