সাউথ আফ্রিকা মেয়েদের ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায়। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে জেতা হয়নি লাল-সবুজের মেয়েদের। বাংলাদেশ মেয়েদের ইমার্জিং দলকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী দলটি।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১১৭ রানের সংগ্রহ গড়ে শারমিন সুলতানার দল। জবাবে ২ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।
বাংলাদেশ মেয়েদের সর্বোচ্চ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। ৩৬ বলে ৩৬ রান করেন ইমার্জিং দলের অধিনায়ক। রুবাইয়া হায়দার ঝিলিক ২৭ রান করেন ৩৯ বলে। আফিয়া আসিমা ইরা ১৮ রান এবং স্বর্ণা আক্তার ১৯ রান করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে আলেকজান্দ্রা ক্লেয়ার ক্যান্ডলার ৩ উইকেট নেন। ডেলমারি টাকার নেন দুই উইকেট।
রানতাড়ায় নেমে দারুণ শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার। আলেকজান্দ্রা ক্লেয়ার ৩০ রান করেন এবং ফায়ে টুনিক্লিফ করেন ৩৫ রান। পরে সিমোন লরেন্সের অপরাজিত ৪০ রানের ইনিংসে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। জেন্না ইভানস ৯ রান করেন।
বাংলাদেশ বোলাদের হয়ে দুটি উইকেট নেন নিশিতা আক্তার নিশি ও ফুয়ারা বেগম।







