জুনে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাই লড়ছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে টিম টাইগ্রেস। দারুণ ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১ রানে জয় পায় বাংলাদেশ।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মার্কিনীরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। পরে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে আদিতিবা চুধাসামার দল।
ব্যাটিংয়ে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়ারিয়া ফেরদৌস, ১৭ রান করে আউট হন। সুপ্তা ৮ চার এবং এক ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। জ্যোতি ২, সোবহানা মোস্তারি ৩২, স্বর্ণা আক্তার অপরাজিত ১৬ এবং রাবেয়া খান অপরাজিত ৬ রান করেন।
যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাদভানা ৩টি এবং ঈশানী ভাঘেলা ২টি উইকেট নেন।
তাড়ায় ওপেনিং জুটিতে ভালো আগায় যুক্তরাষ্ট্র। ওপেনার দিশা ধিংরা ২৩ এবং চেতনা পাগিদ্যালা করেন ৩৬ রান। পরে মিডেল অর্ডারের কোন ব্যাটার সুবিধা করতে পারেননি। এলা ক্লারিজ ৪, চুধাসামা ৯, পুজো গণেশ ৫, তারানুমা চোপড়া ১০ এবং মাদভানা অপরাজিত ১২ রান করেন। ঋতু সিং ৪টি চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩৩ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন।
১৭ ওভারের শেষ বলে তারানুমার ব্যাট ছিটকে উইকেটরক্ষক দিলারার হেলমেটে লাগলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশের হয়ে ৪টি উইকেট নেনে নাহিদা, ৩টি ঋতু মনি, এবং ২টি উইকেট নেন রাবেয়া।







