সাউথ কোরিয়ার একজন নারী অনলাইনে নিজেকে ইলন মাস্ক দাবি করা একজনের প্রেমে পড়ে প্রায় ৫৪ লাখ টাকার প্রতারণার শিকার হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জিওং জি-সান নামে পরিচিত ওই নারী ইনস্টাগ্রামে বিলিয়নেয়ার ইলন মাস্ক নামধারী একটি অ্যাকাউন্টের সাথে কথোপকথন শুরু করেন। জি-সান বিশ্বাস করেছিলেন যে, ওই ব্যক্তি আসলে টেসলা বস ইলন মাস্ক। কিন্তু বাস্তবে ডিপফেক প্রযুক্তির সাহায্য ইলন মাস্কের ভিডিও বানিয়ে প্রতারণা করেছিলেন অন্য কেউ।
জি-সান জানান, আমি গত বছর এমন কিছুর সাক্ষী হয়েছি যা একদম স্বপ্নের মতো। গত বছরের ১৭ জুলাই ইলন মাস্ক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে বন্ধু হিসেবে যুক্ত করে। আমি ইলন মাস্কের একজন বিশাল ভক্ত ছিলাম।
তিনি বলেন, প্রথমে আমার সন্দেহ হয়। কিন্তু অ্যাকাউন্ট থেকে মাস্কের কাজের ছবি, তার সন্তানদের সম্পর্কে কথা বলা এবং কীভাবে তিনি তার ভক্তদের সাথে যোগাযোগ করেন তা নিয়ে ভিডিও পোস্ট করলে আমার সন্দেহ দূর হয়ে যায়। ধীরে ধীরে আমাদের মধ্যে ম্যাসেজে কথা হতে থাকে।

এক পর্যায়ে, ওই প্রতারক জি-সানের সাথে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কলে কথা বলা শুরু করে। জি-সান জানান, ভিডিও কলে প্রতারক আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। জি-সান জানান, একদিন প্রতারক তাকে ৭০ মিলিয়ন কোরিয়ান ওয়ান বা ৫০ হাজার ডলার একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে বলেন। এই টাকা একটি বিনিয়োগ এবং এর মাধ্যমে আমি ধনী হয়ে যাব। তার কথা মত টাকা ব্যাংকে জমা দেয়ার পরেই বুঝতে পারি যে আমি প্রতারণা শিকার হয়েছি।
সাউথ কোরিয়া এমন একটি দেশ যেখানে এই ধরণের প্রতারণা প্রতিরোধ কোন আইন নেই। সিউল-ভিত্তিক কোরিয়া বিশ্ববিদ্যালয়ে পরিচালিত সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে রেকর্ড করা মোট ২৮০টি অপরাধের মধ্যে ৭১.৪ শতাংশের শিকার নারী।









