শিল্প সাহিত্য

৮১ বছর বয়সে বুকার জয়, সাহিত্যের ইতিহাস গড়লেন এম জন হ্যারিসন

৮১ বছর বয়সে বুকার জয়, সাহিত্যের ইতিহাস গড়লেন এম জন হ্যারিসন

বয়স যে সৃষ্টিশীলতার পথে কোনো বাধা নয়, ৮১ বছর বয়সে বুকার পুরস্কার জিতে তারই অনন্য নজির গড়লেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। নিজের উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। একই সঙ্গে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কারজয়ী লেখক হওয়ার রেকর্ডও গড়েছেন এই সাহিত্যিক।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী হিসেবে হ্যারিসনের নাম ঘোষণা করা হয়। পুরস্কারের অংশ হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার পাউন্ড ও বুকার ট্রফি। কল্পবিজ্ঞান, ডিস্টোপিয়া ও ব্যঙ্গের মিশেলে লেখা উপন্যাস দ্য এন্ড অব এভরিথিং পাঠককে নিয়ে যায় এক অদ্ভুত ভবিষ্যৎ পৃথিবীতে।

উপন্যাসটির পটভূমি ইংল্যান্ডের কেন্ট উপকূলের এক কাল্পনিক বাস্তবতা, যেখানে রহস্যময় কিছু সত্তার আবির্ভাব ঘিরে তৈরি হয় গল্পের টানাপোড়েন। দীর্ঘ সাহিত্যজীবনে একাধিক উপন্যাস লিখলেও এবারই প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন হ্যারিসন। আর প্রথমবারের সেই যাত্রাতেই ছিনিয়ে নিলেন সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

বিচারক প্যানেলের সভাপতি ইতিহাসবিদ মেরি বিয়ার্ডের নেতৃত্বে বিচারকেরা সর্বসম্মতিক্রমে উপন্যাসটিকে বিজয়ী নির্বাচিত করেন। এবারের পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয়েছিল ১৬৩টি বই। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পায় ছয়টি উপন্যাস। এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে বুকার জিতে সবচেয়ে বেশি বয়সী বিজয়ীর রেকর্ড গড়েছিলেন মার্গারেট অ্যাটউড।

৮১ বছর বয়সে পুরস্কার জিতে সেই রেকর্ড ভেঙে দিলেন এম জন হ্যারিসন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বয়সের প্রচলিত সীমারেখা পেরিয়ে সৃষ্টিশীলতার এক অনন্য উদাহরণ।

বিষয়:এম জন হ্যারিসন বুকার পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…