বাংলাদেশ

উচ্চশিক্ষার সাফল্য শুধু ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না: রাষ্ট্রপতি

উচ্চশিক্ষার সাফল্য শুধু ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না: রাষ্ট্রপতি

উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি বলে উল্লেখ করেন তিনি।

আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগও বাড়াতে হবে।

তিনি বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে কর্মজগতের ধরন পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসসহ উদীয়মান প্রযুক্তি কর্মসংস্থানের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর নতুন দায়িত্ব গ্রহণের অঙ্গীকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না। অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, তাদের গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তার মধ্যেই সাফল্যের প্রকৃত মূল্যায়ন নিহিত।

এসময় দেশের শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। কোনো রকম বাছবিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় তরুণ সমাজের একটি বড় অংশকে হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। এতে ব্যক্তি ও দেশের মেধা-সম্ভাবনার অপচয় হয়েছে।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বহুশিক্ষাধারার মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, এ অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থেকেই বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণ করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

বিষয়:মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…