আর কয়েক ঘণ্টা পর কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে। কার হাতে উঠবে পাম দ’র তা জানা যাবে শনিবার রাতেই।। মূল প্রতিযোগিতা বাদে উৎসবের অন্য বিভাগগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রতিযোগিতা বিভাগের পুরস্কারের শেষ মুহূর্তের বিচার-বিশ্লেষণ।
চলতি বছর কানের মূল প্রতিযোগিতায় লড়ছে ২২টি সিনেমা। আগে থেকে অনুমান করা কঠিন হলেও কানে দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ভ্যারাইটির তাদের পূর্বানুমান প্রকাশ করেছে।
প্রতিবেদনে পাম দ’রের দৌড়ে এগিয়ে রাখা হয়েছে ইরানী নির্মাতা মোহাম্মদ রসৌলফের ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ ছবিটিকে। প্রিমিয়ারে ১২ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়ে এই দৌড়ে এগিয়ে আছে ছবিটি। এছাড়াও এই তালিকায় আছে ‘এমিলিয়া পেরেজ’ এবং ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট।’
সেরা নির্মাতা বিভাগে পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন জ্যাক অডিয়ার্ড (এমিলিয়া পেরেজ), শন বেকার (আনোরা) এবং অ্যান্দ্রেয়া আরনল্ড (বার্ড)।
সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেতে পারেন বেন হুইশ (লিমোনভ: দ্য বাল্লাদ), জেসে প্লেমনস (কাইন্ডস অব কাইন্ডনেস) কিংবা ব্যারি কেওঘান (বার্ড)।
সেরা অভিনেত্রী বিভাগে এগিয়ে আছেন ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স), কারলা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ), মাইকি ম্যাডিসন (আনোরা)।
সেরা স্ক্রিনপ্লে-এর পুরস্কার উঠতে পারে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া), বার্ড (অ্যান্দ্রেয়া আরনল্ড) কিংবা ‘কাইন্ডস অব কাইন্ডনেস (ইয়গস লানটিমস)-এর ঝুলিতে।
শুক্রবার (২৪ মে) রাতে ঘোষণা করা হয়েছে আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার। আঁ সার্তে রিগায় সেরা সিনেমার পুরস্কার জিতেছে চিনের ‘ব্ল্যাক ডগ’। গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’ সিনেমাটির গল্প এক ব্যক্তি ও কুকুরের সম্পর্ক নিয়ে। দুজনেই একা। এই একাকীত্ব তাদের নতুন এক যাত্রার দিকে নিয়ে যায়।
‘দ্য ড্যামড’ সিনেমার জন্য ইতালির রবার্তো মিনারভিনি হয়েছেন সেরা নির্মাতা।
এ ছাড়া আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছে ফ্রান্সের সিনেমা ‘দ্য স্টোরি অব সুলেমান’। সিনেমাটির নির্মাতা বরিস লোজকাইন।
‘দ্য স্টোরি অব সুলেমান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আবু সনগারে।
‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। তিনিই প্রথম ভারতীয়, যিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন।
সূত্র: ভ্যারাইটি







