কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, তারেক রহমান আপনি বলেন আমরা বেইমান। লজ্জা করে না তারেক রহমান সাহেব। আপনি জানেন না মেজর আক্তার কে, নাম জানেন না। আপনি যাকে মন চায় ফট করে বহিষ্কার করে ফেলেন। বাংলাদেশের মাটিতে বাবার ক্ষমতা আছে আসার। কিন্তু মেজর আক্তার বাংলাদেশের মাটিতে একা একা ঘুরে বেড়ায়। এখন আমাদেরকে বলেন আমরা লোভী। আমরা যদি লোভী হই আপনার মা খালেদা জিয়া জেল থেকে কীভাবে হাসপাতালে থাকে। কার সাথে আপোস করে হাসপাতালে থাকে। এইগুলা বললে কি হয়, আমরা দলের বিরুদ্ধে বলি।
সোমবার ২৫ ডিসেম্বর রাতে কটিয়াদী উপজেলার করগাঁও স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপির বহিস্কৃত নেতা সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন।
তিনি বলেন, আমি যদি আজকে তারেক রহমানকে জিজ্ঞাসা করি আপনি তো আমাদের দলের চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত চেয়ারপার্সন) আপনার কামাই করা একটি টাকা বিএনপিতে আছে? বিএনপির কারো লাগি, কোন কর্মসূচির লাগি, বিএনপি’র কোন মিটিং-মিছিলে লাগি আপনার কামাই করা একটি টাকা ব্যয় করেছেন? করবেন কইত্তে কামাই তো করছেন না। কামাই করছেন জীবনে, দেখাতে পারবেন? কোন চাকরি করছেন, কোন ব্যবসা করছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলে হিসেবে আছেন। আপনি আমাদেরকে বলেন ‘বেইমান’। আপনি আমাদেরকে বলেন ‘লোভী’। আপনাদেরকে পাহারা দিতে দিতে আমাদের পিটের চামড়া গেছে গা। কোটি কোটি টাকা আপনাদের কাছে পাই আমরা এখনো। এক পয়সা বিল দেন নাই। গাড়ির তেল দিছি, বাড়ি ভাড়া দিছি। পাহারা দিয়া রাখছি।
মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘৫০ বছর ধরে বিএনপি বানিয়েছি আমরা। তিলে তিলে বিএনপি বানিয়েছি আমরা। আজকে ফেসবুকে বলেন নির্বাচন প্রতিহত করবেন। এই ব্যাটা তোর বাপের ক্ষমতা আছে নির্বাচন প্রতিহত করার। মেজর আক্তারের সম্পর্কে কথা বললে হুঁশিয়ার হয়ে কথা বলতে হবে মিস্টার তারেক রহমান। আপনার বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করি নাই। আমার বাংলাদেশে আপনারা জন্মগ্রহণ করেছেন। এই বাংলাদেশ আমরা বানিয়েছি। এখানে আপনি তারেক রহমান জন্মগ্রহণ করেছেন। আমি ঢাকার ওই দুই নম্বর বিএনপি না, যেটা মন চাই এইডা কইয়া লাইবেন। পোলাপান উসলাইয়্যা দিবেন। জ্যান্ত খেলাম যদি কোন পোলাপান আমার সামনে আসে। প্রতিহত করবেন আপনি, হ্যাঁ।
জানা গেছে, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাহহার আকন্দ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট’র টেলিভিশন প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আলেয়া, গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম। এছাড়াও দুই স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক এমপি সোহরাব উদ্দিনসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহহার আকন্দ এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন ও ট্রাক প্রতীকের বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামান রঞ্জনের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে।







