গেল ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মারা গেছেন ভারতের অন্যতম শীর্ষ ধনী টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। তার মৃত্যু ছুঁয়ে গেছে পুরো ভারতের মানুষের মন। এমনকি ভারতীয় তারকারাও তার মৃত্যুতে শোকা জানাচ্ছেন। তারই মাঝে সম্প্রতি রতন টাটাকে স্মরণ করলেন অমিতাভ বচ্চন।
অমিতাভের শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে তিনি শিল্পপতির কথা স্মরণ করেছিলেন এবং কীভাবে ধনকুবের এই ব্যবসায়ী তার কাছ থেকে একবার টাকা ধার করেছিলেন তার গল্প বর্ণনা করেছিলেন। ‘কেবিসি’র সর্বশেষ পর্বে দেখা গেছে ফারাহ খান ও বোমান ইরানিকে। আর তাদের সঙ্গে কথা প্রসঙ্গেই রতন টাটাকে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা যায় অমিতাভকে।
রতন টাটা সম্পর্কে কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন যে, “তিনি খুব দয়ালু মানুষ ছিলেন। তার হৃদয় ছিল পবিত্র। আর একেবারে মাটির মানুষ ছিলেন। বিগ বিকে বলতে শোনা গেছে, ‘আমি বলে বোঝাতে পারব না, তিনি কেমন মানুষ ছিলেন। তিনি আসলেই খুব সহজ সরল মানুষ ছিলেন।’
এরপরই রতন টাটার কথা স্মরণ করে অমিতাভ জানান, একবার ফ্লাইটে দেখা হয়েছিল বিগ বি ও রতন টাটার। দুজনে একই ফ্লাইটে ভ্রমণ করছিলেন। তারা একসঙ্গে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। কিন্তু বিমানবন্দরে নেমে দেখা যায় রতন টাটাকে নিতে আসা লোকজন চলে গেছে। এমন অবস্থায় অমিতাভ দেখেন পাবলিক টেলিফোন বুথে গিয়ে কাউকে ফোন করছেন শিল্পপতি।
এরপরের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ বলেন, ‘কিছুক্ষণ পর আমার কাছে রতন টাটা এসে জিজ্ঞেস করলেন, অমিতাভ আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি? আমার কাছে ফোন করার টাকা নেই। অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, ওইদিন প্রথমে টাটাকে চিনতেই পারেননি তিনি।
রতন টাটার মৃত্যুতে সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করে অমিতাভ লিখেছিলেন, ‘আজ একটি যুগের অবসান হয়েছে। তার নম্রতা, তার মনোভাব এবং কঠোর পরিশ্রম সবসময় আমাদের অনুপ্রাণিত করবে। খুব দুঃখজনক। আমার প্রার্থনা।’- ইকোনোমিক টাইমস







