উড়োজাহাজ মাটি ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যে তা থেকে চাকা খুলে নীচে পড়ে গেল। সেই চাকা গিয়ে পড়ল বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর। মুহূর্তে ভেঙে গেল গাড়ির কাচ।
শনিবার ৯ মার্চ আনন্দবাজার পত্রিকা’র প্রতিবেদনে বলা হয়, সান ফ্রান্সিসকো থেকে জাপানের উদ্দেশে রওনা দিয়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি।
ওই বিমানে ২৩৫ জন যাত্রী এবং ১৪ জন ক্রু ছিলেন। চাকা খুলে পড়ে যাওয়ার পর গন্তব্যের আগেই বিমানটিকে অবতরণ করানো হয়। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, সান ফ্রান্সিসকো বিমানবন্দরের রানওয়েতে ছুটছিল বিমানটি। ধীরে ধীরে তা উপরে ওঠে। তবে মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের পিছন দিকের একটি চাকা খুলে নীচে পড়ে যায়।

চাকা খুলে যাওয়ার পর বিমানটি বেশি দূর এগোয়নি। লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরে ওই বিমান অবতরণ করানো হয়। অবতরণের সময়ে কিছুটা সমস্যা হয়েছিল। পিছনে চাকা না থাকায় ঘষে ঘষে রানওয়েতে এগোয় বিমানটি। রানওয়ের দুই তৃতীয়াংশ পথ বন্ধ হয়ে যায় ওই বিমানের কারণে। পরে যাত্রীদের নামিয়ে বিমানটিকে যন্ত্রের মাধ্যমে ঠেলে সরানো হয়।
ঘটনার পর বিমান সংস্থা এক বিবৃতিতে জানায়, ওই বিমান ২০০২ সালে তৈরি করা হয়েছিল। চাকা খারাপ হয়ে গেলে বা খুলে গেলেও নিরাপদে অবতরণ করানো যাবে— এমন ব্যবস্থা বিমানে ছিল। সেই কারণেই অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে।








