নিজের সেরা রান্না সম্পর্কে জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: মোরগ পোলাও রান্না করি, মাছ রান্না করি। এছাড়া ইতালিয়ান পিজ্জা, লেজানিয়া এগুলোই করি।
আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) আয়োজিত লেটস টক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো: আপনার কাছে আপনার রান্নার করা বেস্ট আইটেম কোনটা? আপনি কি বাইরে খেতে যেতে পারেন?
জবাবে তিনি বলেন: আমাকে সিকিউরিটির নামে বন্দি করে রাখে। আমি বলতে পারব না যে ঢাকার কোনো ভালো রেস্টুরেন্টে যেতে পারছি বা খেতে পারছি। এমনকি বাইরে গেলেও একই অবস্থা দাঁড়ায়। আর রান্নার বিষয়ে বলতে গেলে আমার ছেলে মেয়ে নাতিরা আমার রান্না পছন্দ করে। সেজন্য চেষ্টা করি রান্না করতে। তারা আসলে মোরগ পোলাও রান্না করি, মাছ রান্না করি। এছাড়া ইতালিয়ান পিজ্জা, লেজানিয়া এগুলোই করি।
আরেক প্রশ্নের জবাবে নিজের বেড়ে ওঠা এবং ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন: আমার জন্ম গ্রামে। আমাদের গ্রাম টুঙ্গিপাড়া যেতে ঢাকা থেকে যেতে ২২ থেকে ২৪ ঘণ্টা লাগত স্টিমারে। আমি ৮ বছর পর্যন্ত গ্রামেই ছিলাম। ৫৪ সালে ঢাকা আসি। তবে প্রত্যেক স্কুল ছুটিতে গ্রামে যেতাম। তখন বিদ্যুৎ ছিল না, খাল পুকুরের পানি ব্যবহার করতাম। ওগুলোই আমাদের জন্য আনন্দের ছিল। আমার ঢাকায় কোনো বাড়িঘর নেই। আমি গ্রামেই থাকব। এখন তো পদ্মাসেতু হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাব।
গত শুক্রবার রাতে ধারণ করা অনুষ্ঠানটি প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচার করা হয়।
অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা ও তাদের চাওয়া-পাওয়াগুলো জেনে নেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তাদের নানা প্রশ্নের জবাবও দেন।
২০১৮ সালে লেটস টক অনুষ্ঠানে প্রথমবারের মতো তরুণদের মুখোমুখি হন শেখ হাসিনা। এবারের অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং তরুণদের নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নীতি নির্ধারণ বিষয়ে কথা বলেন।







