সংযুক্ত আরব আমিরাতের দুঃসময় ভুলে, পাকিস্তানে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বুধবার রাতে মাঠে নামবে টিম টাইগার্স। লাল-সবুজরা খুব বেশি ছন্দে না থাকলেও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বাংলাদেশ দলকে বেশ সমীহই করলেন পুরো সংবাদ সম্মেলনে। সালমানের মতে, বাংলাদেশ বেশ ‘মানসম্মত’।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং নিয়ে সালমান বলেছেন, ‘একজনের নাম বলা কঠিন। বর্তমানে তাদের পেস বোলিং নিয়ে বললে, যারা বাংলাদেশের হয়ে খেলছে তারা দারুণ পেস বোলিং করে। আগে হয়ত একজন ছিল, এখন ৩-৪ জন ভালো ফাস্ট বোলার আছে তাদের। ফলে আমরা একজনকে টার্গেট করতে চাই না। আমরা সবাইকে নিয়েই ভাবছি।
‘ব্যাটারদের মধ্যে লিটন দাস, দারুণ একজন ব্যাটার। দলের অধিনায়কও তিনি। অধিনায়ক হিসেবে তিনি নিশ্চয়ই চাইবেন অনেক রান করে দিতে। অধিনায়ক রান না পেলে দল চাপে পড়ে যাবে।’
‘আমার মনে হয় তারা দারুণ কোয়ালিটি দল। একজনের নাম নেয়া কঠিন। দুই ডিপার্টমেন্টেই তাদের ভালো খেলোয়াড় রয়েছে। তাদের দারুণ বোলার রয়েছে, যারা ম্যাচ জেতাতে পারে। ব্যাটিংয়েও তারা ভালো ব্যাটিং দল। তাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। কিছু নাম নেয়া কঠিন। তাদের কোয়ালিটির দিক আমরা জানি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। হারতে হয়েছে আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও। তবুও সিরিজের আগে পাকিস্তান অধিনায়ক বেশ সংযত ভাষায় বলেছেন, ‘দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে কোন সিরিজই সহজ নয়। বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের চিন্তা হচ্ছে আমরা যেরকম ক্রিকেটটা খেলতে চাই, সেরকম খেলতে পারছি কিনা। এই সিরিজে আরও ভালো করতে পারছি কিনা। আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলই সহজ নয়।’








