ফুটবলে ইতালি আর ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ, যেন একই মালায় গাঁথা দুটি দেশ। ইতালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে সবশেষ তিন বিশ্বকাপে বাছাইপর্ব পার হতে পারেনি তারা। অন্যদিকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আরও একবার ব্যর্থ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে। টানা তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় ২০২৭ আসরে সরাসরি খেলতে পারবে না দুবারের চ্যাম্পিয়নরা।
১৪ দলের অংশগ্রহণে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক হিসেবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। আরও ৮টি দল চূড়ান্ত হবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আয়োজকদের মধ্যে সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকায় সেরা নয়ে থাকা দলটি বিশ্বকাপে সরাসরি খেলবে।
বাকি ৮ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ।
৭৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন ১০ নম্বরে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরা নয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব না হওয়ায় সরাসরি বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে গেছে তারা। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে ভারতে গড়ানোর কথা সিরিজটি। ৩০ সেপ্টেম্বরের আগে তাদের ম্যাচ কেবল দুটি। ভারতকে ম্যাচ দুটিতে হারালেও যোগ্যতা অর্জনের মতো পর্যাপ্ত পয়েন্টে পৌঁছাতে পারবে না উইন্ডিজ। ফলে আগামী বছর ফেব্রুয়ারিতে বাছাইপর্ব খেলতে হবে তাদের।
ওয়েস্ট ইন্ডিজের এই পরিণতি যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ২০১৯ বিশ্বকাপেও র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় তাদের বাছাইপর্ব খেলতে হয়েছিল। কঠিন লড়াইয়ের পর মূলপর্বে জায়গা করে নেয় দলটি।
চার বছর পর, ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে ঘটে আরও বড় বিপর্যয়। জিম্বাবুয়েতে গড়ানো বাছাইপর্বের সুপার সিক্সে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে প্রথমবার বিশ্বকাপের মূলপর্ব থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা।







