টানা ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। তার বিদায়ী টেস্টে বল হাতে ঝড় তুলেছেন অভিষিক্ত গাস অ্যাটকিনসন। ডানহাতি পেসারের ৭ শিকারে বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয় দল। উইকেট পেয়েছেন অ্যান্ডারসনও।
লর্ডসে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান অধিনায়ক বেন স্টোকস। অ্যাটকিনসন ঝড়ে প্রথম ইনিংসে ৪১.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে নেমে চা বিরতির আগে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ২৪ রানে এবং অলি পোপ ১ রানে ক্রিজে আছেন।
টেস্ট অভিষেকে ১১তম ওভারে ইংলিশদের সাফল্য এনে দেন অ্যাটকিনসন। ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান। এরপর তাণ্ডব চালান ২৬ বর্ষী পেসার। ক্যারিবীয় সাত ব্যাটারকে ফেরান। ১২ ওভারে ৫ মেডেন আদায় করে ৪৫ রান খরচায় অভিষেক রাঙান অ্যাটকিনসন।
বিদায়ী অ্যান্ডারসন ১০.৪ ওভার বল করেছেন। ৩ মেডেন আদায় করে ২৬ রান খরচায় ১ উইকেট নেন। ক্রিস ওকস ও বেন স্টোকস একটি করে উইকেট নেন।








