সিরি আ’তে টানা দুই ম্যাচে গোল পেয়েছেন সার্বিয়ান তারকা ডুসান ভ্লাহোভিচ। এরপর তাকে পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তুলনা করা শুরু হয়। নিজের সাথে রোনালদোর তুলনাকে অবশ্য অতিরঞ্জিত মনে করছেন ভ্লাহো।
সিরি আ’তে প্রথম ম্যাচ থেকেই শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মিলান। লেচে’র বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ে শীর্ষে উঠেছে দলটি। ম্যাচে দুই গোলের পর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর সাথে তুলনা শুরু হয় ভ্লাহোভিচের। যে তুলনা মানতে নারাজ ২৩ বর্ষী তারকা।
রোনালদোর সাথে তুলনা করা নিয়ে বলেছেন, ‘এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, আমি খুশি কারণ দলকে সাহায্য করতে পেরেছি। আমার দল ছাড়া আমি কিছুই করতে পারতাম না। সতীর্থদের ধন্যবাদ, এ ধারা অব্যাহত থাকুক।’
‘সবসময় শান্ত থাকি। মাঠে আবেগ দেখবেন, কিন্তু সেটা আমার উপর বাজে প্রভাব ফেলে না। আমরা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ক্ষমতা রাখি, যেখানে তারা প্রায় হারেই না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি জয় এবং দলের জন্যও, বিশেষত আমরা কোনো গোল হজম করিনি।’
মাঠে কিছুটা ছন্দপতন নিয়ে বলেন, ‘শারীরিকভাবে আমরা ঠিক আছি, এটা সাধারণ। সাধারণভাবে কাজ করি, শরীরের যত্ন নেই। ভালো ঘুম দেই, ভালো খাওয়া দাওয়ার সাথে অনুশীলনও করি। গত মৌসুমের সাথে এবারের পার্থক্য হল আমি ঠিক আছি এবং কোনো সমস্যা নেই।’







