শচীনের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ১৫ হাজারের মাইলফলকে কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আরও একটি অনন্য কীর্তি গড়লেন বিরাট কোহলি। আলজারি জোসেফের শর্ট বল ডিপ মিড-উইকেট দিয়ে সীমানাছাড়া করে ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারত কিংবদন্তি। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড।
থিরুভানান্থাপুরামে রোববার ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় রোহিত শর্মা আউট হওয়ার পর ১২তম ওভারে তিন নম্বরে ব্যাটে নামেন বিরাট কোহলি। ৪০ বলে ফিফটি পূর্ণ করেন ৩৭ বর্ষী কোহলি। এরপর ৫২ রান থেকে টানা তিনটি চারে পৌঁছে যান কাঙ্ক্ষিত ১৫ হাজার রানের ঠিকানায়।
ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রান করা মাত্র দ্বিতীয় ব্যাটার কোহলি। এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন শচিন টেন্ডুলকার। এই কীর্তিতে শচীনকে ছাড়িয়ে গেছেন কোহলি। শচীন ৩৭৭ ইনিংসে ১৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করেছিলেন। সেখানে কোহলি মাইলফলকটি স্পর্শ করেছেন ৩০৩ ইনিংসে।
ওয়ানডেতে ৮ হাজার থেকে শুরু করে ১৫ হাজার-প্রতিটি মাইলফলকেই দ্রুততম ব্যাটার এখন বিরাট কোহলি।







