রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সাথে বর্ণবাদী আচরণের কারণে ভ্যালেন্সিয়ার তিন দর্শককে আট মাসের জেল দেয়া হয়েছে। দর্শকদের দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। সাথে তিন দর্শকের ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে।
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় বর্ণবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার এটাই প্রথম ঘটনা। লা লিগা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘বর্ণবাদের বিপক্ষে যুদ্ধে ভালো খরব বলছে।’ ২০২৩ সালের ২১মে ভ্যালেন্সিয়ার মাসতেল্লা স্টেডিয়ামে ভিনিসিয়াসের সাথে বর্ণবাদের ঘটনা ঘটেছিল।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, ‘স্পেনে বর্ণবাদের বিপক্ষে এটা বেশ ভালো খবর। এ ঘটনা সেই ব্যক্তিদের কাছে স্পষ্ট একটি বার্তা পাঠাবে, যারা ফুটবল স্টেডিয়ামে খেলোয়াড়দের সাথে অপব্যবহার করতে যায়।’
‘এমন ঘটনা ঘটলে লা লিগা তাদের চিহ্নিত করবে, তাদের বিপক্ষে রিপোর্ট করবে এবং তাদের ভাগ্যে ফৌজদারি আইনে পদক্ষেপ অপেক্ষা করছে। এটি দেখায় যে স্পেন এমন একটি দেশ যেখানে বিচারিক অখণ্ডতার নিশ্চয়তা দেয়।’
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র স্পেনে প্রচুর বর্ণবাদের সম্মুখীন হচ্ছিলেন। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, বর্ণবাদ তাকে ফুটবল মাঠে নামার আগ্রহ কমিয়ে দেয়।









