প্রথমবারের মত পিরিয়ডিক ড্রামার হিরো হতে চলেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। চলতি বছরের শুরুতে যার শুটিং শুরু হয়েছিল। জানা যায়, তার অভিনীত আসন্ন ছবিটির নাম ‘ছাভা’। যেখানে ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা মিলবে তার। এবার প্রকাশ্যে এলো সেই চরিত্রে অভিনেতার লুক কেমন হবে সেটি।
সম্প্রতি শুরু হয়েছে আসন্ন ছবিটির দ্বিতীয় লটের শুটিং। সেখান থেকেই এবার এই ছবির একাধিক দৃশ্য ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতার একটি ফ্যান পেজের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশ পাওয়া ছবিতে দেখা গেছে ভিকি কৌশলের মুখ ভর্তি লম্বা দাড়ি, মাথায় শিবের মতো জটা, কপালে তিলক। পরনে বেইজ রঙের একটি জ্যাকেট এবং হালকা ব্রাউন রঙের ধুতি। গলায় রুদ্রাক্ষরের মালা। যা দেখে রীতিমত রইরই পড়ে গেছে নেটিজেনদের মাঝে।
লক্ষ্মণ উটেকরের পরিচালনায় পিরিয়ডিক এই ড্রামায় ভিকি কৌশলের সঙ্গে প্রথমবারের মত জুটিবদ্ধ হচ্ছেন রাশমিকা মান্দানা। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের (ভিকি কৌশল) স্ত্রী ইসুবাই ভোঁসলের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী ৬ ডিসেম্বর।
‘ছাভা’ ছাড়াও ভিকির হাতে রয়েছে ‘মেরে মেহবুব মেরে সনম’ ছবিটি। সেখানে তাকে দেখা যাবে তৃপ্তি দিমরির সঙ্গে। অপরদিকে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে তাকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও দেখা যাবে। যেই ছবিটির পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি।- হিন্দুস্থান টাইমস








