জনপদ

সরাইল থানায় রুমিন-ওসি বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি

সরাইল থানায় রুমিন-ওসি বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া ওই ঘটনায় সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় জিডিটি করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল শুক্রবার সন্ধ্যার পর।

জিডির বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, থানায় যারা এসেছিলেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন একাধিকবার ফোন করলেও ওসি সাড়া দেননি। এমনকি সংসদ সদস্য নিরাপত্তা চেয়েও পাননি বলে তাঁদের অভিযোগ।

এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান রুমিন ফারহানা। সেখানে সংসদ সদস্য ও তার সঙ্গীদের সঙ্গে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বাগ্‌বিতণ্ডা হয়।

দুই পক্ষের উত্তপ্ত কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া তিনটি ভিডিওর একটির দৈর্ঘ্য ৭ মিনিট ৮ সেকেন্ড, আরেকটির ৫৭ সেকেন্ড এবং অন্যটির ২ মিনিট ২৩ সেকেন্ড।

ঘটনার বিষয়ে গত বৃহস্পতিবার জানতে চাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘ওসির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে আলোচনা করতেই থানায় গিয়েছিলাম। অভিযোগের একটি তালিকাও সঙ্গে নিয়েছিলাম। দুই পাতার ওই তালিকায় বিভিন্ন তারিখে সংঘটিত অপরাধের বিবরণ ছিল। কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি এবং অভিযোগগুলোর বিষয়ে সদুত্তরও দিতে পারেননি।’

এদিকে, ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন। গতকাল রাত পৌনে ৯টার দিকে মুঠোফোনে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ওসির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

বিষয়:(ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জিডি পুলিশ সরাইল থানা সংসদ সদস্য রুমিন ফারহানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…